Description
🌱 বাফার কোকোপিট কী, কেন দরকার
কোকোপিটে প্রাকৃতিকভাবেই সোডিয়াম ও পটাশিয়াম লবণ থাকে। কাঁচা কোকোপিট সরাসরি ব্যবহার করলে এটি গাছের খাবার থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম নিজের ভেতরে আটকে রাখে। ফলে নতুন পাতা হলুদ হয়, চারা দুর্বল হয়, টমেটো-মরিচের ফলের নিচে পচা দাগ পড়তে পারে। বাফার করা মানে আগেই ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে কোকোপিটকে “ভরিয়ে” রাখা, যাতে পরে গাছের খাবারে টান না পড়ে।
আমরা যেভাবে তৈরি করি
- কাঁচা কোকোপিট চেলে বড় আঁশ ও ময়লা আলাদা করা হয়।
- পরিষ্কার পানিতে ধুয়ে বাড়তি লবণ ঝরিয়ে ফেলা হয়।
- ক্যালসিয়াম নাইট্রেট ও ম্যাগনেসিয়াম সালফেটের (ইপসম সল্ট) দ্রবণে সারা রাত (প্রায় ১২ ঘণ্টা) ভিজিয়ে রাখা হয়।
- পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নির্দিষ্ট আর্দ্রতায় আনা হয়, তারপর ওজন মেপে প্যাক করা হয়।
💧 কতটুকু ভেজা? — খোলাখুলি হিসাব
আমাদের কাঁচা কোকোপিটের এক বস্তা (৪০–৪৫ কেজি) রোদে পুরো শুকালে ৭–৮ কেজি শুকনো কোকোপিট পাওয়া যায়। এই হিসাব ধরে বাফার করার পর আমরা কোকোপিট শুকিয়ে নিচের মাপে আনি:
- আর্দ্রতা প্রায় ৬০% — প্রতি ১ কেজি প্যাকে প্রায় ৪০০ গ্রাম শুকনো কোকোপিট ও ৬০০ গ্রাম পানি
- ২.৫ কেজি বাফার কোকোপিট ≈ ১ কেজি ১০০% শুকনো কোকোপিট
- ১ কেজিতে প্রায় ৫–৬ লিটার ঝুরঝুরে কোকোপিট
- হাতে মুঠো করে চাপ দিলে পানি ঝরে না, ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যায়
এই ভেজা ভাবটুকু রাখার কারণ: প্যাক খুলেই ব্যবহার করা যায়, আবার ভেজানো বা ধোয়ার দরকার হয় না, আর ধুলাও ওড়ে না।
ব্যবহারবিধি
- বীজ ও চারা: বাফার কোকোপিট ৭০% + ভার্মি কম্পোস্ট ৩০%
- টব ও জিও ব্যাগ: মাটি, বাফার কোকোপিট ও জৈব সার ১:১:১
- মাইক্রোগ্রিন ও হাইড্রোপনিক্স: সরাসরি ব্যবহার করা যায়
কোকোপিটে নিজস্ব পুষ্টি কম, তাই গাছ বড় হওয়ার সময় নিয়মিত জৈব সার দিন। সার মেশানো তৈরি মিক্স চাইলে আমাদের রেডি কোকোপিট নিন।
সংরক্ষণ: মুখ বন্ধ করে ছায়ায় রাখুন। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে নিন — গুণ নষ্ট হয় না।
🥥 আমাদের কোকোপিট কোথা থেকে আসে, কেন ভেজা থাকে
নারিকেলের ছোবড়া থেকে আঁশ (কোকো ফাইবার) আলাদা করার কারখানা থেকে আমাদের কোকোপিট আসে। সেখানে মূল পণ্য কোকো ফাইবার — খুব শক্ত, টেকসই ও দীর্ঘস্থায়ী, তাই কার্পেট, জাজিম, পাপোশ, দড়িসহ নানা পণ্যে ব্যবহার হয় এবং বিদেশে রপ্তানিও হয়। আঁশ আলাদা করতে গিয়ে যে মিহি অংশ বের হয়, সেটাই কোকোপিট — অর্থাৎ এটি একটি উপজাত (বাই-প্রোডাক্ট)।
শুকনো ছোবড়া মেশিনে দিলে আঁশ ছিঁড়ে যায়, আর অত্যন্ত হালকা কোকোপিট বাতাসে উড়ে পরিবেশ দূষণ করে। তাই কারখানায় ছোবড়া আগে পানিতে ভিজিয়ে তারপর মেশিনে ভাঙা হয়, আর সে কারণেই কোকোপিট বের হয় ভেজা অবস্থায়।
আমরা ওজন বাড়াতে কোকোপিটে পানি মেশাই না। বরং বাফার কোকোপিটে আমরা রোদে শুকিয়ে পানি কমিয়ে একটি নির্দিষ্ট মাপে আনি, এবং সেই হিসাব ওপরে খোলাখুলি দিয়ে রাখলাম।






Reviews
There are no reviews yet.